2026-10-17
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর সাপে কামড়ে শিশুমৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র পুঞ্চা হাসপাতাল
খবর

সাপে কামড়ে শিশুমৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র পুঞ্চা হাসপাতাল

Avatar
Deepak Purulia
16 May 2026, 11:21 AM 12 ভিউ 1 মিনিট পড়ুন
সাপে কামড়ে শিশুমৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র পুঞ্চা হাসপাতাল
ফাইল চিত্র: Puncha, West Bengal, India

*সাপে কামড়ে শিশুমৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র পুঞ্চা হাসপাতাল*


নিউজ ডেস্ক চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগে সাপে কামড়ে আহত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ক্ষুব্ধ জনতার বিক্ষোভ এতটাই তীব্র আকার নেয় যে, কর্তব্যরত মহিলা চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁকে টেনে-হিঁচড়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH)-এর কোয়ার্টারের সামনে নিয়ে যাওয়া হয়। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী।

জানা গিয়েছে, পুঞ্চা ব্লকের হাতিহাড় গ্রামের সাত বছরের এক শিশুকে বৃহস্পতিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। অভিযোগ, রাত ১১টা থেকে প্রায় ১টা পর্যন্ত দীর্ঘ দু’ঘণ্টা হাসপাতালে ফেলে রাখা হলেও শিশুটির কোনো চিকিৎসা করা হয়নি। চিকিৎসকের চরম উদাসীনতা ও গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। দলে দলে মানুষ হাসপাতাল চত্বরে ভিড় জমাতে থাকেন। উত্তেজিত জনতা প্রথমে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ওই চিকিৎসককে কার্যত টেনে বিএমওএইচ-এর কোয়ার্টারের সামনে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের প্রশ্ন, এত বড় ঘটনার খবর পেয়েও কেন বিএমওএইচ নিজে এসে চিকিৎসার তদারকি করলেন না।

ঘটনার খবর পেয়ে প্রথমে পুঞ্চা থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছায়। কিন্তু উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। হাসপাতাল চত্বরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

বর্তমানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে এখনও থমথমে পরিস্থিতি পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে।:

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image